“শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন শ্রম অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘শিল্পের উৎপাদশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্পশ্রমিকে রূপান্তর (টিবিআইপি)’ প্রকল্পের আওতায় আয়োজিত চাকুরী মেলা ২০২৬” অনুষ্ঠিত

ঢাকা, ১৭ জুন ২০২৬: সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া যুবসমাজকে দক্ষ শিল্পশ্রমিকে রূপান্তরের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ আয়োজন করেছে ‘জব ফেয়ার ২০২৬’। ‘শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুবসমাজকে শিল্পশ্রমিকে রূপান্তর (টিবিআইপি)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় কারিগরি শিক্ষার প্রসার, তরুণদের শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং নিয়োগকর্তাদের সাথে চাকরিপ্রত্যাশীদের সরাসরি সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো: আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মো: আব্দুর রহমান তরফদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুছ সামাদ আল আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন এবং ঝরে পড়া তরুণদের মূলধারায় ফিরিয়ে আনতে ইউসেপের কার্যক্রমের প্রশংসা করেন। অন্যদিকে, বিশেষ অতিথি দক্ষ তরুণদের দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে একটি কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মো: আবদুল করিম দক্ষ মানবসম্পদকে অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করে শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। এবারের মেলায় আরএফএল, প্রাণ, হাতিল, নাভানা, ওয়ালটন, রানার, হোন্ডা, এসিআই ও ট্রান্সকমসহ দেশের শীর্ষস্থানীয় ১৭টি করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে ‘ওয়াক-ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে বহু চাকরিপ্রত্যাশীকে তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়, যা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দেশের শিল্পখাতের উৎপাদনশীলতা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।